
সম্প্রতি সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন দিতিপ্রিয়া রায়। কয়েকদিন আগেই হাতে পেয়েছেন তাঁর পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। সেই বিশেষ মুহূর্তের ছবি তিনি নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনয়ের জগতে মাঝেমধ্যে বিতর্ক বা ওঠাপড়া এলেও, নিজের লক্ষ্য থেকে সরে যাননি দিতিপ্রিয়া। বরং প্রতিটা অভিজ্ঞতাকেই শক্তি হিসেবে নিয়েছেন। আর এবার সেই শক্তির ফল হাতে ধরা দিল স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিকেটে।
ছোট পর্দায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও পরে সহ-অভিনেতা জিতু কমল-এর সঙ্গে সমস্যার জেরে মাঝপথেই সেই সিরিয়াল ছেড়ে দেন দিতি। এরপর কেটে গেছে প্রায় পাঁচ মাস। ধারাবাহিক ছাড়াকালীন তাকে বহু কটাক্ষের মুখে পড়তে হলেও জিতুর সঙ্গে ঝামেলা প্রসঙ্গে আজ অব্দি মুখ খোলেননি নায়িকা।
তবে আচমকাই দিতিপ্রিয়ার পোস্টে নেটপাড়ায় শোরগোল। দিতির পোস্টে লেখা, শুটিং চলাকালীন ডিসার্টেশন জমা দেওয়ার সময় কিছু মানুষকে খুব জ্বালিয়েছি… এরপর থেকেই জল্পনা শুরু। হঠাৎ কেন এমন লিখলেন অভিনেত্রী? তবে কি কাউকে ইঙ্গিত করতেই এমনটা লিখলেন নায়িকা? আসলে পুরো বিষয়টা একটু অন্যরকম।
দিতিপ্রিয়ার পোস্টে লেখা, ‘বাড়ি ঢুকে দেখি এই বইগুলো আমার জন্য অপেক্ষা করছে। ছোটবেলায় মা–বাবা ভালো রেজাল্ট করলে আমাকে বই, পেন বা আঁকার খাতা উপহার দিত —তাতে যে কী ভীষণ খুশি হতাম! সেই অভ্যেস এখনও রয়ে গেছে, শুটিং চলাকালীন ডিসার্টেশন জমা দেওয়ার সময় কিছু মানুষকে খুব জ্বালিয়েছি তাদের মধ্যে অন্যতম স্রাবস্তী বসুদি। ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স কমপ্লিট করায়ে খুব খুশি হয়ে খুঁজে খুঁজে, যত্ন করে এই তিনটে বই পাঠিয়েছে ,আমি কতটা খুশি হয়েছি, তা সত্যি বোঝাতে পারব না। ধন্যবাদ বলব না—শুধু বলব, এভাবেই আমাকে ভালোবেসো।’
আশা করি বুঝতেই পারছেন, ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স কমপ্লিট করায় উপহার পেতেই নায়িকার এমন পোস্ট। যা সামনে আসতেই দিতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছাড়ার পর নতুন কোনও কাজের আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি অভিনেত্রীর। তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর নতুন প্রোজেক্টের জন্য। তাই এখন দেখার বিষয়, কবে আবার নতুন রূপে পর্দায় ফিরবেন এই জনপ্রিয় অভিনেত্রী।
