বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সিনেমা থেকে সিরিয়াল, সর্বত্রে অবাধ বিচরণ তাঁর। বহু যুগ ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রবীণ-নবীনদের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে নিজের জীবনের নানা ওঠাপড়া প্রসঙ্গে মুখ খোলেন এই বর্ষীয়ান অভিনেতা।
তাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে। ২০২২ সালে স্ত্রী মারা যাওয়ার পর থেকে খানিক থমকে গিয়েছিল অভিনেতার জীবন। সংসার চালানোর পুরো দায়িত্বটাই নিতে হচ্ছে অভিনেতাকে।
অভিনেতার কথায়, ‘আমি সিরিয়াল করেছি। সবটাই পেটের দায়ে করা। কারণ ধারাবাহিককে কাজ না করলে আমি তো সংসারটা চালাতে পারব না।’
সম্প্রতি তাঁর ওজন বেশ কিছুটা কমে যাওয়ায় সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতার অসুস্থতার গুজব ছড়িয়েছিল। আর এই খবর ছড়াতেই রীতিমত কাজের সুযোগ আসা বন্ধ হয়ে গিয়েছিল তার। বর্তমানে অভিনেতা কাজহীন এবং আর্থিক সংকটের সম্মুখীন।
অভিনেতা নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, বর্তমান নাটকের চরিত্রের খাতিরেই তিনি নিজেকে ফিট রেখেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। বর্তমানে ৯৭ কেজি থেকে ৭৫ কেজিতে নিজেকে নিয়ে এসেছেন তিনি।
সাক্ষাৎকারে অভিনেতা আক্ষেপ করে জানিয়েছেন যে, ধারাবাহিকে তাঁর অভিনয়ের কথা পাকা থাকলেও, শেষ মুহূর্তে তাঁকে না জানিয়েই বাদ দেওয়া হয়। তিনি জানান, ডেট সংক্রান্ত সমস্যার কথা বলে তাঁকে বাদ দেওয়া হলেও আসল কারণটি তার কাছে অস্পষ্ট।

