
চেহারার কারণে এরআগে অনেক অভিনেত্রীকেই হেনস্থার শিকার হতে হয়েছে। কেউ কেউ বিষয়টা গায়ে মাখেননি। আবার কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে হাল ছেড়ে না দেওয়ার দলেই পড়েন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।
তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন, সেগুলি আজও মনে রেখেছেন দর্শক। জনপ্রিয় সব ধারাবাহিক থেকে নানা সিনেমা সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। এবং, সোহিনী যে একজন অনবদ্য অভিনেত্রী, সেই নিয়ে কোনও প্রশ্ন নেই। অভিনেত্রী কি চেহারার জন্য কোনওদিন কটাক্ষের শিকার হয়েছেন? নাকি রুদ্র প্রসাদ সেনগুপ্ত এবং স্বাতীলেখার মেয়ে বলে এধরনের সমস্যা তাঁকে ছুঁতে পারেনি?
এমন দুজন তারকার একমাত্র মেয়ে হওয়ার কারণেই কি অভিনয় জগতে তার চেহারা ম্যাটার করল না? নাকি টলিউডের বুকে নেপটিজম ফ্যাক্টর বুঝতে পারেন তিনি?
সোহিনীর কথায়, “রোগা মোটা কিনা জানি না, কিন্তু আমি রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মেয়ে বলে অভিনয়ের সুযোগ পাই, কিংবা মোটা হলেও আমি যেহেতু তাঁদের সন্তান তাই কাজ আসে, এটা আমি জানি না কেন এতবছর পর শুনতে হয় আমায়। আমি মনে করি, আমার দল মানে নান্দিকারের ক্ষেত্রে সবথেকে বেশি আমায় প্রমাণ করতে হয়েছে। বাবা, কোনোদিন এক্সট্রা কিছু আমাকে দেয়নি। কোথাও আমাকে রেকমেন্ড করেননি। এবং বাবা আমায় কোথাও রেকমেন্ড করবেন, তাহলে আমি যাব না সেখানে। এটা বাবার সঙ্গে আমার ডিল। এতবছর সেই প্যাশন নিয়ে কাজ করছি। এখন আমি নান্দিকারকে লিড করি। কারওর মেয়ে হলেই হয় না। কাজটা জানতে হয়।”
