
বড়পর্দার দুঁদে খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়। একটা সময় বাংলা সিনেমায় দাপিয়ে কাজ করলেও ইদানীং পর্দায় খুব বেশি দেখা যায় না প্রবীণ অভিনেতাকে। তাঁর শারীরিক অবস্থা যদিও খুব একটা ভাল নয়। তবে অভিনয়ের প্রতি ভালবাসা থেকেই বার্ধক্য, পায়ের ব্যথা, অসুস্থতা, সব ছুমন্তর হয়ে যায় অভিনেতার।
অনেক দিন পরে শুটিং ফ্লোরে ফিরলেন অভিনেতা। অগ্নিদেবের ‘চোর’ ছবিতে দুষ্টু নেতার চরিত্রে দেখা যাবে তাকে। শুধু ভালবাসার জন্য নয়, অর্থের জন্যও এই বয়সে এসেও কাজের কথা ভাবতে হয় অভিনেতাকে। বহু বছরের অভিনয়জীবন তার।
অভিনেতার কথায়, ‘এত বছরে এত রোজগার করিনি যে, এখন কাজ না করলেও দিন কেটে যাবে। আমরা যে সময়ে কাজ করতাম, তখন এত রোজগার হত না। খুব বেশি পারিশ্রমিক পেতাম না যে, এখনও না কাজ করে চলে যাবে। আর তা ছাড়া আমি তো নেতাদের মতো চুরি করিনি। তাই অর্থের জন্য আমাকে কাজ করতে হয়। অন্তত নিজের জন্য তো দরকারই।’
তা হলে আগামী দিনেও কি বড়পর্দায় দেখা যাবে তাকে? প্রবীণ অভিনেতার কথায়, ‘কাজের জন্য ভিক্ষা চাইতে পারব না। যদি কেউ যোগাযোগ করেন, অবশ্যই কাজ করতে রাজি।’
