টলিউডে এরকম অনেক সুখী দাম্পত্যের সংসার ভেঙে গেছে দীর্ঘ সময়ের পর। যাদের বিচ্ছেদ অবাক করছে নেটিজেনদের। তাদের মধ্যেই একজন হলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মা। গত বছর তাদের বিচ্ছেদের খবর সামনে আসে।
যিশু এবং নীলাঞ্জনা টলিউডে ‘পাওয়ার-কাপল’ হিসেবে পরিচিত ছিলেন। আচমকাই তাদের বিচ্ছেদ গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল। তাদের ঘর ভাঙার আসল কারণ কেউ না জানালেও কানাঘুষো শোনা যায় যিশুর জীবনে অন্য নারীর আগমন আসল কারণ ।
বর্তমানে দুই মেয়ে জারা আর সারা-কে নিয়ে আলাদা থাকেন নীলাঞ্জনা। নিজের আলাদা প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত তিনি।
শুক্রবার মধ্যরাতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা ভাগ করে নেন অভিনেত্রী। নীলাঞ্জনা লেখেন, ‘যখন এই অধ্যায় শেষ হলো, তখন আমার মনে শুধুই কৃতজ্ঞতা। কোনও কিছু শেষ হওয়ার মানে এটা নয় যে তা অর্থহীন। আমি কৃতজ্ঞ কারণ, আমি নিজেকে চিনতে শিখেছি। আমার ভিতর ধীরে ধীরে বেড়ে ওঠা স্বাধীন চেতনা এবং আত্মসম্মান বোধ সম্বন্ধেও সচেতন হয়েছি। আমি আমার স্বর খুঁজে পেয়েছি।’
তিনি আরও লেখেন, ‘এখন আমি নিজেই নিজের ভার বহন করতে পারি। আজ, অধ্যায় শেষে আমি একেবারেই শূন্য. রিক্ত নই। বরং এই সিদ্ধান্ত আমার মধ্যে আরও স্বচ্ছতা, সাহস এবং নিজের প্রতি আস্থা রাখতে সাহায্য করেছে। তাই এই সমাপ্তিকে আমি শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে গ্রহণ করছি।’
যদিও এই পোস্ট কিসের উদ্দেশ্যে নীলাঞ্জনা আড়ালে রেখেছেন। তবে নেটিজেনদের অনুমান যিশুর সাথে ডিভোর্সের আইনি ক্রিয়া সমাপ্ত হওয়ার বার্তাই ভাগ করে নিলেন নীলাঞ্জনা।

