
জি বাংলার সুপারহিট ধারাবাহিক মিঠাই শেষ হয়ে তিন বছর পার হয়ে গেছে। মিঠাই চলাকালীনই খবর এসেছিল, নায়ক ও নায়িকা অর্থাৎ আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডুর মধ্যে নাকি বনিবনা হচ্ছে না। আদৌ কতটা সত্যি এর পিছনে? আড়াই বছর একসঙ্গে কাজ করেছেন, অথচ বন্ধু নন এই দুই তারকা।
সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ফিরে এসো অনুরাধা-র শুভ মহরতে এই বিতর্কে মুখ খুললেন আদৃত। আদৃতকে বলতে শোনা যায়, ‘সৌমিতৃষার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। আমার মনে হয় না ও কখনো এরকম কোনো কথা বলেছে কোথাও, না আমি বলেছি। যদি ঝামেলা হত, তাহলে আড়াই বছর একটা ধারাবাহিক আমরা কখনোই টানতে পারতাম না!’
শোনা যায় দুজনে নাকি এতটাই প্রফেশনাল ছিলেন যে, তাঁদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কাজে ছাপ ফেলতে পারেনি। আদৌ কি এটা সত্যি? আদৃত বলেন, ‘হ্যাঁ আমরা প্রফেশনাল। আর আমি তো বন্ধু বানাতে আসিনি ইন্ডাস্ট্রিতে, কাজ করতে এসেছি। আমার বন্ধুদের গ্রুপ আছে, যাদের সঙ্গে আমি হ্যাং আউট করি। আমি ইন্ডাস্ট্রির লোকেদের সঙ্গে খুব একটা হ্যাং আউট করি না। আমি যাদের সাথে হ্যাং আউট করি, তারা ৩০-৩১ বছর ধরে আমার বন্ধু।’
তবে সৌমিতৃষার ঢালাও প্রশংসা করেন আদৃত। বলেন, ‘ও দারুণ সহ-অভিনেত্রী। ওরকম একটা শো-তে মিঠাই হয়ে কাজ করা তো সহজ না। ভীষণ কেয়ারিং। পিছনে লাগা-মজা করা, সেটে এসব তো ছিলই। তবে আমরা বন্ধু নই। এমন নয় আমরা দেখা করতাম, বা আমরা চারটে রিল করতাম সেরকম না। ওর ইন্টারেস্ট আলাদা, আমরা আলাদা, কিন্তু তার মানে এই নয় আমরা একে-অপরকে সম্মান করি না। এগুলো মানুষ নিজে থেকে তৈরি করেছে।’
এমনকী আদৃত-কৌশাম্বির বিয়েতে সৌমিতৃষার অনুপস্থিতিও ঘিরেছিল বিতর্ক — সৌমিতৃষা জানিয়েছিলেন, তাঁর কাছে নিমন্ত্রণপত্রই পৌঁছায়নি! প্রফেশনালিজম, সম্মান আর দূরত্ব — এই তিন মিলিয়েই যেন তৈরি মিঠাইয়ের পর্দার বাইরের গল্প।
