
টলিউডের নামী অভিনেতা গৌরব চক্রবর্তী। বাবা সব্যসাচী চক্রবর্তী তাঁর একমাত্র আদর্শ। সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তীর পুত্র হওয়া সত্ত্বেও, তিনি নিজের অভিনয় প্রতিভা দিয়েই টলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। গৌরব কেবল একজন অভিনেতাই নন, তিনি একজন দক্ষ এডিটরও বটে। অভিনয়ে আসার আগে তিনি পুনেতে ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনা করেছেন।
সম্প্রতি, জনপ্রিয় একটি পডকাস্ট শো তে এসে গৌরব নিজের ক্যারিয়ার নিয়ে কিছু কথা শেয়ার করেছেন। পডকাস্টের শুরুতেই গৌরব স্পষ্ট করেন যে, পরিবারে অভিনয়ের পরিবেশ থাকলেও, তার বাবা সব্যসাচী চক্রবর্তী তাকে অভিনেতা বানানোর জন্য কোনো বিশেষ সুবিধা দেননি। নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত নিজেই নেওয়ার স্বাধীনতা তার ছিল।
গৌরবের কথায়, ‘আমার বাবা কখনোই আমাদেরকে লঞ্চ করার বিষয়ে একটা বিরাট ভূমিকা পালন করেননি মানে উনি ফ্রম দা ভেরি বিগিনিং হি ওয়াজ ভেরি সিওর যে আমাদেরকে বলে দিয়েছিলেন যে তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেবে ভুল করলে তোমাদের দোষ ঠিক হলে তোমাদের কৃতিত্ব।’
বাবা-মা দুজনেই থিয়েটার করতেন, তাই ছোটবেলা থেকেই নাটকের জগতের সাথে তার সংযোগ ছিল। নিজের শৈশব নিয়ে গৌরব বলেন, ‘আমার প্রথম স্টেজ অ্যাপিয়ারেন্স আমার অজান্তেই আমার জন্মের কয়েক মাসের মধ্যেই হয়ে যায়।’ পরবর্তীতে টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে আসা।
