
গানই তার একমাত্র পরিচয়, সেই ইমন চক্রবর্তী এবার নতুন অবতারে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন। দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক কিংবা লোকসঙ্গীতে নিজের দক্ষতা প্রমান করেছেন গায়িকা। তবে গায়িকার এই নতুন যাত্রার কথা তিনি নিজেই জানিয়েছেন। আর তা স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
গানের মঞ্চে অভ্যস্ত ইমন এবার ক্যামেরার সামনে নাচে প্রাণ ঢালতে প্রস্তুত। গায়িকার এই নতুন অভিজ্ঞতার সূত্র একটি সিনেমা। সুমন ঘোষ পরিচালিত নতুন ছবি ফ্যামিলিওয়ালা, যা নির্মিত হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ এর ব্যানারে।
এই ছবির একটি বিশেষ গানে নাচতে দেখা যাবে ইমনকে। গানটির নাম ঠাকুরজামাই। গানটি লিখেছেন ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং সংগীত বিন্যাস করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
দর্শকেরা যেমন এতদিন তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন, তেমনই পর্দায় এবার ইমনের নৃত্যাভিনয় কতটা সাড়া ফেলে, তা দেখার অপেক্ষায় দর্শক।
প্রথম ছবিতে নাচের প্রসঙ্গ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ইমন। ছোটবেলায় তিনি কখনও নিয়ম করে নাচ শেখেননি। পরে কিছু সময়ের জন্য নৃত্যশিল্পী শর্মিলা বিশ্বাস এর কাছে ওড়িশি নাচের তালিম নিয়েছিলেন। লাইভ পারফরম্যান্সে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, সেই অভিজ্ঞতা তাঁর কাজে লেগেছে বলেই মনে করেন শিল্পী। তাই সুযোগ যখন এসেছে, তখন আর পিছিয়ে যাননি গায়িকা।
