
গত কয়েক মাসে অযাচিত কারণে আলোচনার কেন্দ্রে থেকেছেন দিতিপ্রিয়া রায়। চিরদিনই তুমি যে আমার সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে তাঁর ঝামেলা, সিরিয়াল থেকে সরে দাঁড়ানো সব নিয়ে কম নেতিবাচকতার মুখোমুখি হননি দিতিপ্রিয়া। সে-সব ভুলতে বেশ খানিকটা সময় লাইমলাইট থেকে দূরে ছিলেন রানিমা।
সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি চোখে পড়েনি সেইরকমভাবে। বিতর্কের আঁচ কমতেই চেনা মেজাজে পাওয়া গেল তাকে। শত ব্যস্ততার মাঝেও বাবা-মায়ের খেয়াল রাখেন দিতি।
সম্প্রতি সময় বার করে বাবা-মায়ের বিবাহবার্ষিকী সেলিব্রেটি করলেন এই অভিনেত্রী। দিতিপ্রিয়ার বাবা-মায়ের ২৭ তম বিবাহবার্ষিকী পূর্ণ হল। এই বিশেষ দিনে বাবা-মায়ের সঙ্গে একটি মিষ্টি ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। বাবা-মায়ের সঙ্গে ছবি শেয়ার করে দিতিপ্রিয়া লেখেন, ‘মা ও বাবার ২৭ বছরের ভালবাসা, শক্তি এবং অটল বন্ধুত্বের উদযাপন।’
