টলিপাড়ায় ফের দুঃসংবাদ! আচমকাই নিখোঁজ পরিচালক উৎসব মুখার্জি, কি জানালেন পরিচালকের স্ত্রী?

উৎসব মুখার্জি

টলিপাড়ায় একের পর এক দুঃসংবাদ। এক দিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ এখনও কাটেনি। এ বার নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। পরিচালককে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। বাড়ি থেকে দুপুরবেলা ব্যাঙ্কের কাজে যাবার জন্য বেরিয়েছিলেন উৎসব। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তার। দিনেদুপুরে উল্টোডাঙার মতো জায়গা থেকে উধাও হয়ে গেলেন তিনি। ইন্ডাস্ট্রিতে এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে শুরু করেছে।

পরিচালকের স্ত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন, দুপুর ২ টো ২২ মিনিটে উৎসবের সঙ্গে তাঁর শেষ কথা হয়৷ তখন তিনি ব্যাঙ্কের ভিতরেই আছেন বলে জানিয়েছিলেন৷ কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই পরিচালকের ফোন বন্ধ হয়ে যায়৷ তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি৷

নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছেন উৎসব৷ প্রয়াত বাবার ফোনটি নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই ফোনও এখন বন্ধ। পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে, পরিচালকের খোঁজ পেলে যেন তাঁদের দ্রুত খবর দেওয়া হয়৷ পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে৷ পুলিশি তদন্তে জানা গিয়েছে, উৎসবের সঙ্গে থাকা অপর ফোনটির সর্বশেষ লোকেশন ছিল উল্টোডাঙা স্টেশন এলাকা। পরিচালকের স্ত্রীর ধারণা, সম্ভবত যানজট এড়াতে ট্রেনে করে ফিরছিলেন পরিচালক।

রহস্যের শেষ এখানেই নয়, বৃহস্পতিবার বিকালের পর উৎসবের ফেসবুক প্রোফাইলের ডিসপ্লে পিকচার এবং কভার ফটো পরিবর্তিত হয়েছে। স্ত্রীর দাবি সেগুলো নাকি তিনিই করেছেন, ব্যাঙ্কে যাওয়ার আগে স্বামী নাকি তাঁকে এমন নির্দেশ দিয়েছিলেন। এই যুক্তি হজম হচ্ছে না অনেকেরই। প্রশ্ন, এমনটাও সম্ভব? স্ত্রী কি কিছু গোপন করার চেষ্টা করছেন?

নিখোঁজ হওয়ার নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র বা মানসিক চাপ কাজ করছে কি না, তা নিয়ে দানা বাঁধছে সন্দেহ। মৌপিয়ার দাবি, বেশ কিছুদিন ধরে একটি সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন উৎসব। এই বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন।