ডিভোর্স নয়, এবার স্বামী প্রবাহের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করলেন দেবলীনা! মোটা অঙ্কের খোরপোশ দাবি গায়িকার

দেবলীনা নন্দী

২০২৬-র শুরু থেকেই আলোচনার শিরোনামে দেবলীনা নন্দী। বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন গায়িকা দেবলীনা নন্দী এবং তাঁর স্বামী প্রবাহ নন্দী। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে নিয়মিত শো করছেন, ফ্যাশন শ্যুটেও যোগ দিয়েছেন দেবলীনা। সম্প্রতি নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশও করেছেন। তবে এবার জোর গুঞ্জন প্রবাহর থেকে নাকি বিচ্ছেদ চেয়েছেন দেবলীনা।

খবর অনুযায়ী, দেবলীনা এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের (ডিভোর্স) মামলা দায়ের না করলেও, স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের (৪৯৮এ ধারা) লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারপুর থানায়।

গত ২২ জানুয়ারি সোনারপুর থানায় প্রবাহ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান দেবলীনা। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর নন্দী পরিবারকে নোটিস পাঠানো হয়েছিল এবং প্রবাহ সপরিবারে থানায় হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করছেন। আপাতত প্রবাহকে গ্রেফতার করা হয়নি।

পুলিশি সহায়তায় দেবলীনা ইতিমধ্যেই তাঁর ‘স্ত্রীধন’ (বিয়ের গয়না, আসবাব ও টাকাপয়সা) ফেরত পেয়েছেন। এমনকি স্বামীর কাছে খোরপোশ চেয়ে আবেদনও করেছেন দেবলীনা।

এত কিছুর মাঝেও দেবলীনা নিজেকে সামলে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। আপাতত গান এবং ফ্যাশন শুটে নিজেকে ব্যস্ত রেখে নতুন করে জীবন শুরু করতে চাইছেন গায়িকা।