ফের খারাপ খবর! চলচ্চিত্র জগত হারাল আরও এক প্রতিভাকে। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা। শুধু অভিনেতাই নন, গোটা এক প্রজন্মের আবেগ ছিলেন তিনি। কৈশোর, প্রেম, বন্ধুত্ব আর স্বপ্নের গল্পে অভিনেতা হয়ে উঠেছিলেন প্রতিটা দর্শকের ঘরের ছেলে।
কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। দীর্ঘদিন চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। প্রয়াত টিনএজ দুনিয়ার সেই পরিচিত মুখ জেমস ভ্যান ডার বীক। মাত্র ৪৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন জেমস ভ্যান। শোকস্তব্ধ অভিনয় জগত।
অসুস্থতার কারণে প্রকাশ্যে অভিনেতাকে কম দেখা গেলেও ভক্তদের থেকে দূরে থাকেননি তিনি। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ‘ডসন’স ক্রিক’ পুনর্মিলনী অনুষ্ঠানে হঠাৎ ভিডিও বার্তায় উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। সংক্ষিপ্ত সেই উপস্থিতিতেই তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভক্তদের ভালোবাসাই নাকি তার শক্তি।
জেমসের অভিনয়যাত্রা শুরু মঞ্চ থেকে। স্কুল নাটক, অফ-ব্রডওয়ে ধাপে ধাপে এগিয়ে এসে ‘ডসন’স ক্রিক’ তাঁকে এনে দেয় অমর খ্যাতি। মাঝপথে পড়াশোনা ছাড়লেও ২০২৪ সালে সম্মানসূচক ডিগ্রি নিতে ফিরে যান বিশ্ববিদ্যালয়ে।
স্ত্রী কিম্বার্লি ও ছয় সন্তানকে রেখে বিদায় নিলেন জেমস ভ্যান ডার বীক। তবু পর্দায় ডসনের সেই অশ্রুসজল চোখ, কিশোর হৃদয়ের দোলাচল আর আত্ম-বিদ্রূপে ভরা হাসি তাঁকে বাঁচিয়ে রাখবে আরও বহু প্রজন্মের মনে।


