‘দিদি-বোন থাকাটা আমার কাছে অভিশাপ… সুদীপ্তা-বিদীপ্তার বোন বলেই কাজ জুটছে না…’, মুখ খুললেন বিদিশা চক্রবর্তী

বিদিশা চক্রবর্তী

প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মেজো কন্যা হলেন বিদিশা চক্রবর্তী। তার আরও একটা পরিচয় হল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বিদীপ্তা চক্রবর্তীর একমাত্র বোন তিনি। জন্মসূত্রে তারকা পরিবারের লোকজন অনায়াসেই ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়ে যান একথা নতুন নয়। তবুও ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না এমনটাই দাবি বিদিশার। তারকা পরিবারের মেয়ে হয়েও হাতে কাজ নেই।

বিদিশার কথায়, ’বিখ্যাত বাবা এবং বিখ্যাত দিদি-বোন থাকাটা আমার কাছে অভিশাপ। এর জন্যই আমি কাজ পাচ্ছি না।’ কিন্তু কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী?

টিভি নাইন বাংলা ডিজিটালকে দেওয়া সাক্ষাতকারে বিদিশা জানান, ‘আমাকে কাজ দেওয়ার সময় ইন্ডাস্ট্রির লোকজন বলছেন, ‘তুই তো ওই পরিবারের মেয়ে। তোর তো কাজ জুটে যাবেই’। বিশ্বাস করুন, এমনটা সকলে বলছেন বলেই আমার আর কাজ জুটছে না। আমি শেষ কাজ করেছিলাম ‘অষ্টমী’ সিরিয়ালে। টানা ১০-১২দিন ডেট ছিল আমার। তারপর সিরিয়াল চলল না টিআরপির কারণে। আমিও আর কাজ পাচ্ছি না।’

সম্পর্কে দিদি হোক বা বোন কেউই অভিনেত্রীর কাস্টিং এর জন্য কথা বলতে নারাজ সেটাও অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। বিদিশা আরও বলেন, ‘দিদি এবং বোন আমার কথা কাস্টিংয়ের জন্য বলতে কিছুক্ষেত্রে কুণ্ঠিত। এবং সেটাই স্বাভাবিক। তাঁরাই বা কেন আমার কথা বলতে যাবেন। বিষয়টা তো ভালও দেখায় না। সত্য এটাই, লোকের এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে, পারিবারিক পরিচিতির কারণেই নাকি আমি কাজ পেয়ে যাব। লোকে ডেকে-ডেকে আমাকে কাস্ট করবেন তাঁদের প্রোজেক্টে। সকলকে অনুরোধ করছি, এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন। আমি কাজ করতে আগ্রহী। সেটা আমাকে করতে দিন।’

বিদিশা চক্রবর্তী