
অভিনয় দক্ষতার জন্য টলিপাড়ায় বেশ প্রশংসিত বৈশাখী মার্জিত। ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট সিরিয়াল। ‘একদিন প্রতিদিন’, ‘সাত পাকে বাঁধা’ এমন জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে।
মাঝে ১২ বছর পর্দায় দেখা যায়নি বৈশাখীকে। ১২ বছর পর ‘মিঠাই’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর পুরনো দিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার দিনে ফিরে গেলেন অভিনেত্রী। যে ঘটনার কথা নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে চান তিনি।
কি এমন ঘটেছিল অভিনেত্রীর সাথে? বৈশাখী এক সাক্ষাৎকারে জানান এক সিনিয়র পরিচালক তাঁর সঙ্গে ঠিক কী করেছিলেন?
বৈশাখী বলেন, “সামনাসামনি তিনি কিন্তু খুবই ভদ্র। এক বার গাড়ি করে যাচ্ছিলাম। সেই গাড়িতেই ঘটেছিল একটি ঘটনা। তিক্ত তকমা দিতে চাই না। তবে অবশ্যই রাগ হয়েছিল। সেই পরিচালক প্রথমে পায়ে স্ক্র্যাচ করতে শুরু করে। তার পর ঘাড়ে হাত দেয়। তখন হয়তো কিছু বলতে পারিনি। বর্তমানে এমন ঘটলে চড় মেরে দিতাম।”
নাটকের মঞ্চ থেকে অভিনয় যাত্রার শুরু করলেও বড় পর্দায় খুব বেশি দেখা যায়নি তাকে। বৈশাখীর মতে, তেমন কোনও ভাল সুযোগ তিনি কখনও পাননি। তাই হয়তো তেমন ভাবে সিনেমায় কাজ করে ওঠা হয়নি। যদিও বর্তমানে সিরিয়াল সম্পর্কেও তাঁর খুব বিশদে ধারণা নেই। বহু বছর হয়ে গেল বাড়িতে টেলিভিশন নেই। অভিনয়ের পাশাপাশি বৈশাখীর আরেক ভালবাসা হল গান।
