‘আমি কোনো জুনিয়ার আর্টিস্টের সঙ্গে মেকআপ রুম শেয়ার করব না… নিরুপায় ছিলাম সেদিন..’, বিস্ফোরক মন্তব্য অর্পিতা মুখার্জীর

অর্পিতা মুখার্জী

টেলিভিশনে তার অভিনয় বরাবরই মুগ্ধ করেছে ভক্তদের। পেয়েছেন দর্শকের ভালোবাসাও। বড়পর্দার হাত ধরে অভিনয় জগতে পা রাখলেও ছোটপর্দাতেই দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন অর্পিতা মুখার্জী। বর্তমানে সানবাংলার জনপ্রিয় মেগা ‘নন্দিনী’-তে নেতিবাচক চরিত্রে তার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে।

তবে ক্যামেরার সামনের এই উজ্জ্বল জগতের আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়ে রয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। সাক্ষাৎকারে অর্পিতা নিজের কেরিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা শোনার পর অনেকেই চমকে উঠেছেন।

অর্পিতা জানান, ইন্ডাস্ট্রিতে নতুন থাকাকালীন তাঁকে ভয়াবহ অপমানের মুখোমুখি হতে হয়েছিল। একজন তথাকথিত সিনিয়র অভিনেতা তাঁর সাথে মেকআপ রুম শেয়ার করতে রাজি হননি। সেই ঘটনা স্মরণ করে অর্পিতা বলেন, ‘সোকলড অনেক সিনিয়র…তিনি একজনকে ফোন করে বলছে আমি সামনে বসে আছি যে আমি কোনো জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুম শেয়ার করব না।’

নিরুপায় হয়ে সেই সময় ভরতলক্ষ্মী স্টুডিওর গাছের তলায় বসে তাকে মেকআপ নিতে হয়েছিল। ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের এই ধরণের আচরণ যে নতুন অভিনেতাদের মনোবল ভেঙে দেয়, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, অভিনেত্রী আরও জানিয়েছেন, অনেক ক্ষেত্রে বড় চরিত্রে কনফার্ম হওয়ার পরেও শুধু বড় স্টারের হস্তক্ষেপে কাজ হাতছাড়া হয়েছে তাঁর। তবে এত কিছুর পরেও অর্পিতা লড়াই চালিয়ে গেছেন এবং বর্তমানে তিনি মেগা সিরিয়ালে কাজ করতে পেরে খুশি। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে অর্পিতার এই চাঁছাছোলা মন্তব্য ইন্ডাস্ট্রির অনেককেই অস্বস্তিতে ফেলবে, তা বলাই বাহুল্য।