‘খুব অবাক লাগছে কীভাবে লীনাদি সবটা এড়িয়ে যাচ্ছেন…ওর উচিত ছিল…’, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বিতর্কে প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন অঞ্জনা বসু

অভিনেত্রী অঞ্জনা বসু

প্রায়ত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বিতর্কে পেরিয়ে গেছে ৪৮ ঘণ্টা। তার মৃত্যুর পিছেন সাধারণ মানুষ থেকে ইন্ডাস্ট্রি দায়ী করছেন প্রযোজনা সংস্থাকে। মর্মান্তিক পরিণতির দায় নিয়ে এখনো উত্তর অধরা। সাঁতার জানা থাকলে কীভাবে জলে ডুবে মারা গেলেন অভিনেতা? কেন ছিল না ডুবুরি’র ব্যবস্থা? কেন অনুমতি ছাড়াই শুটিং হয়েছে? একাধিক প্রশ্নের উত্তর চেয়ে সরব নেট পাড়া।

সকলের মতোই প্রোডাকশনকে সরাসরি দায়ী করছেন অভিনেত্রী অঞ্জনা বসু। প্রযোজক লেখিকা লীনা গাঙ্গুলির বিররুদ্ধে এবার একাধিক ক্ষোভ প্রকাশ জানানলেন তিনি।

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী অঞ্জনা বসু ক্ষোভ প্রকাশ করে জানান, “সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার। আমার বলতে কোনও অসুবিধা নেই সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার।” লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিনেত্রী ক্ষোভ উগড়ে দিয়ে জানান,  “লীনাদি খুব ভাল লেখেন। ওঁর প্রযোজনা সংস্থা থেকে দারুণ দারুণ সিরিয়াল সাধারণ দর্শক দেখতে পান। কিন্তু লীনাদি কেন এই ভাবে এড়িয়ে যাচ্ছেন, এটা আমার খুব অবাক লাগছে। ওঁর উচিত ছিল এগিয়ে এসে বলা যে আমার প্রযোজনা সংস্থার কোনও ভুল বা মিসকমিউনিকেশন। মানে যা হয়েছে।”

অঞ্জনা বসু আরও বলেন, “লীনাদী দায় নিলে কেউ ওঁকে শূলে চড়িয়ে দেবে না। বরং ওঁর প্রতি শ্রদ্ধা অনেকটা বেড়ে যাবে। উনি চান বা না চান, দায় তো নিতে হবে। কারণ এটা প্রযোজনা সংস্থার ভুল। এ ছাড়াও এমন অনুমতি ছাড়া কাজ অনেক প্রযোজনা সংস্থা করে”।

অভিনেত্রী আরও জানান, “৪ জন বা ৫ জন টেকনিশিয়ানে যখন কাজ হয়ে যায়, গিল্ডের নিয়মে তখন ১৬ জনকে চাপিয়ে দেওয়া হয়। টাকা নিয়ে নিয়ে তো সবাইকে কার্ড দিয়েছে। কাজ না দিলে তো গদি যাবে। ৫ জনের বেলায় যখন ১৬ জনকে চাপিয়ে দেওয়া হয়, তখন এই অনুমতির ব্যাপারটা কেন দেখে নেন না? এটা কি আপনাদের আওতায় পড়ে না? যদি বলেন না, তাহলে বলব ভুল বলছেন, মিথ্যে বলছেন, জানেন না বলে বলছেন। ওটা যদি আপনাদের আওতায় পড়ে, তাহলে এটাও পড়ে। সব চ্যানেল ও প্রযোজনা সংস্থারও ফেডারেশনের বিরুদ্ধে বলা উচিত যে তোমরা এইটা আমাদের উপর চাপিয়ে দিতে পারবে না।”