‘বেঁচে ফেরাটাই যেন অভিশাপ হল… মানসিকভাবে অসুস্থ অবস্থায়…,’ রাহুলের মৃত্যুর পরেই আড়ালে শ্বেতা! মুখ খুললেন অনিন্দিতা

শ্বেতা মিশ্র

রাহুলের মর্মান্তিক মৃত্যুর পর প্রায় দু-সপ্তাহ হতে চলল। তদন্তের জল ওড়িশা পুলিশ পর্যন্ত গড়ালেও, সাধারণ মানুষের কৌতূহল, নেটিজেনদের পাশবিক প্রশ্নে অতিষ্ঠ রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র। তাও কেন আড়ালে অভিনেত্রী? শাড়ি পরে জলে ডুবেও তিনি কীভাবে বাঁচলেন? সেই অভিশপ্ত দিনে ঠিক কী হয়েছিল?এই জাতীয় হাজারো প্রশ্নের মুখে বিদ্ধ হতে হচ্ছে শ্বেতাকে। এবার শ্বেতার হয়ে মুখ খুললেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।

অনিন্দিতা তাঁর পোস্টে স্পষ্ট জানিয়েছেন যে, শ্বেতা একটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। বর্তমানে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির গুরুজনেরা তাঁকে আগলে রেখেছেন। অনিন্দিতার কথায়, ‘ভীষণ তাড়াহুড়ো করে সত্যি উদঘাটনের নেশায় বারবার ও কেন কিছু বলছে না, কেন শাড়ি পরেও বেঁচে গেল— এইসব অস্বাভাবিক পাশবিক প্রশ্ন করে শ্বেতার বেঁচে ফেরাটাকে অভিশাপের মতো করে নাই বা দেখলেন সবাই।’

অনেকেই প্রশ্ন তুলছেন শ্বেতা কেন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলছেন না। তার জবাবে অনিন্দিতা লিখেছেন, শ্বেতার শিরদাঁড়া অনেক শক্ত। সময় এলে তিনি আইনের কাছে, পুলিশের কাছে এবং যাঁদের জানানোর দরকার তাঁদের কাছে ঠিকই মুখ খুলবেন। কিন্তু এই মুহূর্তে তাঁকে মানসিকভাবে সুস্থ হওয়ার সময় দেওয়া উচিত। অনিন্দিতার আবেদন, ‘ওর এই দ্বিতীয় জন্মটাকে সুস্থভাবে বাঁচতে দিন।’

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর পর এখনও মুখ খোলেননি শ্বেতা। চোখের সামনে সহকর্মীকে তলিয়ে যেতে দেখার যে ট্রমা, তার বিচার না করেই সাধারণ মানুষের একাংশ যেভাবে তাঁকে কাঠগড়ায় তুলছেন, তা অত্যন্ত অমানবিক বলে মনে করছেন অনিন্দিতা।

অনিন্দিতার এই পোস্টে টলিপাড়ার অনেক শিল্পীই সহমত পোষণ করেছেন। বেশিরভাগজনই লেখেন, শ্বেতা নেটিজেনদের কাছে জবাবদিহি করতে বাধ্য় নন। অন্যদিকে অনেকেই লেখেন, সেই দিনের অপেক্ষায় রইলাম।