
টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের গুঞ্জন। এবার ইন্ডাস্ট্রির অন্দরের খবর বিচ্ছেদের পথে হাটছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছেলের জন্মদিনের দিনই স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেন মানসী। ইতিমধ্যেই নাকি মানসী ও তাঁর স্বামী বিবাহচ্ছেদের জন্য আবেদন করেছেন।
দ্বিতীয় সন্তানের জন্মের আগে সন্তানের বাবার পরিচয় নিয়ে জলঘোলা হওয়া শুরু হলে সকলকে জবাব দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন মাঝে তাঁর স্বামীর সঙ্গে তাঁর সমস্যা দেখা দিলেও ফের সবটা মিটিয়ে নিয়ে এক হয়েছেন তাঁরা। তিনি নিজেই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। তারপর সেই সব বিতর্ক থিতিয়ে গিয়েছিল।
ছেলের জন্মদিনের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে মানসী লিখেছিলেন, ‘তোমার মা-ও আমি, বাবাও আমি।’ আর তাঁর এই পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই সকলের মনে প্রশ্ন জাগে তবে কি ফের তাঁর সংসারে সমস্যা দেখা দিল?
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে মানসী জানান, ‘আমার স্বামীর সঙ্গে তো অনেক দিন ধরেই সমস্যা রয়েছে। ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্স ফাইল করেছি। তবে মা-বাবা হিসাবে দু’জনেই নিজেদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেওছে। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।’
মানসী বলেন, “আমাদের বাহ্যিক কোনও কারণ নেই, অনেক কথাই উঠছে সোশ্যাল মিডিয়ায়, তবে এত জটিল নয় পরিস্থিতিটা। আমাদের সম্পর্কটা স্বামী-স্ত্রী হিসেবে নেই আর। আমরা এখন থেকে দুই সন্তানের জন্য শুধু বাবা-মা হয়ে থাকব। আমার মেয়ের সমস্ত পড়াশোনাটা ওর বাবাই দেখে, তাই সেটা ওই দেখবে। রোজই কথা হয় আমাদের। আসা যাওয়াও লেগে আছে। শুধু দু’জনের দাম্পত্যটা আর নেই।”
অভিনেত্রী জানান, এই মুহূর্তে বোনের সঙ্গে থাকছেন মানসী। তাঁর স্বামী আলাদা থাকছেন তাঁদের থেকে। দুই ছেলেমেয়ে ও শুটিং নিয়ে এখন দিব্যি আছেন বলেই জানিয়েছেন তিনি। মানসী বলেন, “এটা কিন্তু আমাদের কারওর একদিনের সিদ্ধান্ত নয়। বহুবার অশান্তি হয়েছে যখন, তখন ভেবেছি এবার আলাদা হওয়া উচিত। কিন্তু বিভিন্ন কারণে আর এগোতে পারিনি বিচ্ছেদের দিকে। ছেলে-মেয়ের কথা ভেবেই এক হয়েছি। কিন্তু দিনশেষে সবার ভাল থাকার অধিকার আছে, তাই দু’জনের মতেই বিচ্ছেদের সিদ্ধান্তে এসেছি।”
