
নব্বইয়ের দশকের সেই মায়াবী কণ্ঠ, যার জাদুতে বুঁদ হয়ে থাকত গোটা দেশ— সেই অলকা ইয়াগনিক আজ আর গান গাইতে পারছেন না। স্নায়ুতন্ত্রের বিরল রোগে ভুগছেন তিনি। যার কারনে শ্রবণশক্তি হারিয়েছেন গায়িকা। সেন্সরি নিউরাল হিয়ারিং লসে আক্রন্ত এই বলিউডের জনপ্রিয় গায়িকা। একটি ভাইরাল অ্যাটাকের কারণে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত চিকিৎসা চলছে তার। তবে এখনও সুস্থ হননি গায়িকা।
সম্প্রতি গান নিয়ে একরাশ আক্ষেপ ঝরে পড়ল শিল্পীর গলায়। কেন বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে হতাশ তিনি? কেনই বা এখন আর নতুন কোনও গানে তাঁকে পাওয়া যাচ্ছে না? নেপথ্যে রয়েছে গায়িকার কঠিন লড়াই।
এই শারীরিক অসুস্থতার কারণেই এখন আর নতুন কোনও রেকর্ডিং করতে পারছেন না তিনি। অনেক সুরকার তাঁর কাছে প্রস্তাব নিয়ে এলেও শিল্পী তা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। সাক্ষাৎকারে অলকা বলেন, ‘সুরকাররা মাঝে মাঝে আমার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু আমি তা করতে পারছি না।’
২০২৪-এ ইমতিয়াজ আলির ‘অমর সিং চমকিলা’ ছবিতে এ.আর. রহমানের সুরে শেষবার তাঁর কণ্ঠ শোনা গিয়েছিল। তার পর থেকে আর প্লে-ব্যাক করতে পারেননি গায়িকা। অসুস্থতার কারনে গত এক বছর ধরে প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।
অসুস্থতা থাকলেও অলকা ইয়াগনিকের জনপ্রিয়তা আজও তুঙ্গে। শুধু তাই নয়, ২০২০ এবং ২০২১ সালে ইউটিউবে বিশ্বজুড়ে সবথেকে বেশি স্ট্রিম হওয়া শিল্পী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি। সাতটি ফিল্মফেয়ার থেকে শুরু করে জাতীয় পুরস্কার— প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ হলেও অলকা আজও সেই হারানো সুর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন অলকা।
