‘আমার জন্য প্রার্থনা করুন…’, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! হারিয়েছেন শ্রবণশক্তি, কি জানালেন গায়িকার চিকিৎসক

অলকা ইয়াগনিক

বলিউডে ছবির গানের জগতে একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও গানপ্রেমীদের মনের মণিকোঠায় বেঁচে আছেন সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী, তাবড় তাবড় অভিনেত্রীদের হয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে গান গেয়েছেন অলকা। খ্যাতনামা এই গায়িকার জীবনে নেমে এসেছে বিপর্যয়। বিগত বেশ কিছুদিন ধরেই নিজেকে সমাজের থেকে আড়ালেই রেখেছিলেন অলকা ইয়াগনিক। কী হয়েছে অলকা ইয়াগনিকের?

কানে ঠিকমতো শুনতে পাচ্ছেন না গায়িকা। সমাজমাধ্যমে একটি পোস্ট করে গায়িকা জানিয়েছেন, অলকার সেনসরি নিউরাল সমস্যা হয়েছে। আর এই বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন বলেই  তাঁর শ্রবণ ক্ষমতা হারিয়েছে।

চিকিৎসকের মতে, ‘সাডেন সেনসারি নিউরাল হিয়ারিং লস’ এই সমস্যায় ভুগলে রোগী হঠাৎই একটি কানে শুনতে পান না। এই সমস্যার ক্ষেত্রে রোগী একটি কানের শ্রবণশক্তি পুরোপুরি হারিয়ে ফেলতে পারেন। আবার কোনও কোনও ক্ষেত্রে আংশিক ভাবেও শ্রবণশক্তি হারাতে পারেন রোগী।

গায়িকা বলেন, ‘কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয় যে, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা অমার জন্য প্রার্থনা করুন।’

এর সঙ্গে খুব জোরে ইয়ারফোনে বা লাউডস্পিকারে গান শোনার অভ্যাসের জন্য সতর্কবার্তাও দিয়েছেন গায়িকা।  “সকলকে বলছি, সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখবেন না। জোরে মিউজ়িক শুনবেন না কেউ। আমি জানি আপনাদের সকলের ভালবাসা আমার সঙ্গে রয়েছে। আর সেই ভালবাসাই আমার শক্তি। আশা করছি, স্বাভাবিক জীবনে ফিরতে পারব। এই কঠিন সময়ে আপনাদের ভালবাসাই আমার কাছে সব।”