রাহুলের পর ফের আরও এক অভিনেতার অকালমৃত্যু! মাত্র ৩৩ বছরেই প্রয়াত ছোটপর্দার চেনা মুখ, পরপর দুই প্রতিভার মৃত্যুতে স্তব্ধ টলিপাড়া

প্রণব চট্টোপাধ্যায়

মৃত্যুশোক যেন ঘিরে ধরেছে টলিউডকে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি সহকর্মী-বন্ধুরা। তার মাঝেই আরও এক উঠতি অভিনেতার মৃত্যুর খবরে মন কাঁদল টেলিপাড়ার। মাত্র ৩৩ বছরেই প্রয়াত হলেন টেলিপাড়ার আরও এক ‘জুনিয়র আর্টিস্ট’। তিনি নাকি কাজ পাচ্ছিলেন না। বেশ কিছু দিন ধরে সেই চিন্তাই গ্রাস করেছিল তাকে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রোজগার না থাকার দুশ্চিন্তাতেই আচমকা প্যানিক অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হলেও চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাসিখুশি এবং প্রাণবন্ত এই অভিনেতার এমন আকস্মিক পরিণতিতে রীতিমতো বাকরুদ্ধ তাঁর সহকর্মী থেকে শুরু করে গোটা স্টুডিও পাড়া। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না যে প্রণব আর নেই।

পরিবারের পুরো দায়িত্বই নাকি ছিল অভিনেতার কাঁধে। সদ্য বিয়েও করেছিলেন তিনি। প্রণবের স্ত্রীর বয়সও ২১-২২ বছরের বেশি হবে না। এ ছাড়াও পরিবারে রয়েছেন মা-বাবা, ভাই।

প্রণবের প্রসঙ্গে অলকানন্দা গুহ বলেন, “খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি, কাজ না থাকার কারণে খুব চিন্তায় থাকত। সেই থেকে হঠাৎই ‘প্যানিক অ্যাটাক’ হয়। তার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুনেছি, হাসপাতালে যাওয়ার পথেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রণবের। খুব খারাপ লাগছে। এত বার কাজ চেয়েছিল। আমি কোথা থেকে দেব! তাও আমি যা প্রচারজাতীয় শুটিং করতাম, সেখানে ওকে অনেক সময় ডেকেছি কাজের জন্য। নিজের সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিকও দিয়েছি।”

‘জুনিয়র আর্টিস্ট’ হলেও, অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা ও ভালোবাসা ছিল প্রশ্নাতীত। সেটে তাঁর সময়ানুবর্তিতা এবং সবার সঙ্গে অমায়িক ব্যবহারের কারণে খুব অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ কিংবা ‘সোনার ভগবান দাস’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয় করেও তিনি নজর কাড়তে সক্ষম হন।

সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হলো, যখন অভিনেতা রাহুলের শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল, ঠিক সেই শোকার্ত মুহূর্তেই এসে পৌঁছায় প্রণবের মৃত্যুর খবর। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে পর পর দুই তরতাজা প্রতিভার এমন অকালমৃত্যু যেন ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে।

প্রণব চট্টোপাধ্যায়