জি-বাংলার পর্দায় বছর শুরুতেই থাকছে নতুন চমক। একদিকে যেমন নতুন গল্প সাজানো হচ্ছে তেমনি নতুন গল্পের মধ্যে দিয়েই দর্শক পর্দায় দেখতে চলেছে নতুন সমস্ত জুটি। এবার তেমনি একটি নতুন জুটিকে পর্দায় দেখতে চলেছে দর্শক।
জি-বাংলায় সদ্যই প্রকাশ্যে এসেছে মধ্যবয়সী এক দম্পতির গল্প। এই নতুন মেগা ধারাবাহিকের নাম ‘কমলা নিবাস’। সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার অভিনীত এই ধারাবাহিকে গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রিয়াজ লস্করকে। অভিনেতাকে এই মুহুর্তে দেখা যাচ্ছে ‘পরিণীতা’ ধারাবাহিকে।
তবে আসন্ন নতুন মেগায় রিয়াজ একা নয়। অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা। এই মুহুর্তে যদিও অভিনেত্রীকে ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তিনি হলেন অভিনেত্রী শার্লি মোদক।
প্রথমবার পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রিয়াজ-শার্লিকে। এর আগে একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে দুজনের অভিনয় আলাদা করে দর্শকের মন ছুঁয়েছিল। তাই আশা করা যায়, কমলা নিবাসেও এই নতুন জুটি দর্শকদের মন জয় করতে পারবে।


