‘মন ফাগুন’ এর পর আরও একবার পর্দায় ফিরছেন ‘ঋষি-পিহু’ জুটি ওরফে শন-সৃজলা

শন-সৃজলা

কিছু ধারাবাহিক পর্দা থেকে বিদায় নিলেও দর্শকের মনে চিরকালীন জায়গা করে নেয়। তেমনই একটা গল্প হল স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিক। আজ দর্শকের পছন্দের জুটি ‘ঋষি-পিহু’। এই চরিত্রে দেখা গিয়েছিল শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহকে। প্রথমবার জুটি বেঁধেই তাঁরা দর্শক মহলের প্রশংসা কুড়িয়েছিলেন।

ধারাবাহিক শেষ হয়ে গেলেও তার রেশ থেকে গিয়েছে। আজও শন ও সৃজলাকে একসঙ্গে দেখার দাবি জানান দর্শক। এবার বছর শুরুর আগেই দর্শকের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। ৩১ ডিসেম্বরের রাতেই দর্শকের ইচ্ছেপূরণ হতে চলেছে।

স্টার জলসার পর্দায় ফিরছেন শন-সৃজলার জুটি! আরও একবার ‘ঋষি-পিহু’ জুটিকে নতুন রুপে দেখার জন্য অধীর আগ্রহে অনুরাগীরা। তবে কোন ধারাবাহিকে নয়, এই জুটিকে দর্শক দেখবেন স্টার জলসার বর্ষবরণ উৎসবের মঞ্চে।

অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত সাড়ে ন’টায় যে নতুন বছরের সেলিব্রেশন হবে সেখানেই দেখা যাবে শন ও সৃজলাকে। থাকছে দু’জনের জমজমাট পারফরম্যান্স। সেখানে দেখা যাচ্ছে বলিউডের হিট গান ‘সাইয়ারা’র ছন্দে মেলাবেন শন ও সৃজলা। আবারও এই জুটির রোম্যান্স দেখতে পাবেন দর্শক।