
অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যুর পরেই উঠেছে একাধিক প্রশ্ন। প্রোডাকশনের গাফিলতি নিয়ে সরব নেট দুনিয়ায়। একের এক অভিনেতা-অভিনেত্রীদের কাজের নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন। কিছুদিন আগে অভিনেতা জিতু কমল জানিয়েছিলেন তার সাথে ঘটে যাওয়া বড় দুর্ঘটনা। এবার রাহুল মৃত্যুকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ । শ্যুটিং সেটে নূন্যতম নিরাপত্তার অভাব নিয়ে ফাঁস করলেন তার নিজস্ব বয়ান।
আজকাল ডট ইন-কে রিজওয়ান জানান, রাহুলের জায়গায় আজ তিনিও হতে পারতেন! তাঁর বক্তব্যে উঠে এল ধারাবাহিকের শুটিংয়ের প্রোডাকশনের গাফিলতির কথা। বলে উঠলেন, “কম বছর তো হল না কাজ করছি ছোটপর্দায়, বহু বছর ধরেই প্রোডাকশনের গাফিলতি নিজের চোখে দেখে আসছি। নানান ধারাবাহিকের শুটিংয়ে নিজেও তো একাধিকবার মৃত্যুর হাত থেকে বেঁচেছি অল্পের জন্য! কখনও চলন্ত গাড়ি থেকে প্রায় পড়তে পড়তে বেঁচেছি কখনও বা সন্ধ্যায় নূন্যতম নিরাপত্তা ছাড়া বিকেলবেলা নদীতে নামতে হয়েছে শুটিংয়ের জন্য। ভয়ে ভয়ে প্রাণ হাতে করে। প্রতিবাদ করলে প্রথমে বাবা-বাছা করে মানানোর চেষ্টা, পরে জুটেছে তিরস্কার।”
অভিনেতা আরও বললেন, “আরে আমরা যাঁরা শিল্পী, তাঁরা কি মানুষ নয়? অভিনেতা-তারকার তকমার বাইরে তো আমরাও মানুষ। কাজ আমরাও ভালবাসি। এটা তো শুধু আমাদের পেশা নয়, আমাদের প্যাশন, পরিচয় -সবকিছু। কিন্তু আমাদেরও তো জীবনের নিরাপত্তা লাগবে নাকি! আর শুনুন, বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজকদের কোনও দোষ থাকে না। থাকে প্রোডাকশন কন্ট্রোলারদের। প্রযোজকের গুডবুকে নাম তোলার জন্য, শুটিংয়ের জন্য বরাদ্দ খরচ বাঁচায় আর সেই খরচ বাঁচানোর তালিকা থেকে যদি অভিনেতা-অভিনেত্রীদের নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা রাখার খরচটুকু যদি বাদ যায় তো যাক! তাতে কার কী? এই তো মানসিকতা!”
তবে এত বছর কেন চুপ ছিলেন অভিনেতা? উত্তরে তিনি এই সংবাদমাধ্যমকে জানান, “আপনাকে কে বলেছে করিনি? প্রতিবাদ করেছি। আমার মতো বেশ কিছু শিল্পী করেছেন। আর এই ন্যূন্যতম নিরাপোতা পাওয়ার দাবি করলেই আমরা হয়ে যাই বাজে মানুষ। অ্যারোগেন্ট, সব বোঝে-টাইপ, ওর সঙ্গে কাজ করা সমস্যার…এরকম তকমা জোটে আমাদের। পরিকল্পিতভাবে বিভিন্ন প্রযোজনা সংস্থায় আমাদের নামে মিথ্যে রটনা করা হয় যাতে কেরিয়ার নষ্ট হয়। নোংরা রাজনীতি! অনেকে মেনে নেয়, অনেকে নেয় না। মেরুদণ্ড সোজা করা চলাটা মুশকিলের আর তাই সেইভাবে চলতে অনেকে চান না। যাঁরা চায়, তাঁরা মুশকিলে পড়ে। সোজা কথা বলছি।”
প্রসঙ্গত, বর্তমানে ছোটপর্দায় কাজ না করলেও একসময় আঁচল’, ‘চোখের’ বালি থেকে ‘বধূঁয়া’ -একের পর এক জনপ্রিয় মেগা ধারাবাহিকের নায়ক ছিলেন তিনি।
