
বিনোদন জগতে একের পর এক মৃত্যু,শোকের ছায়া অ্যানিমেশন জগতে। চলে গেলেন বিখ্যাত কার্টুন ‘ডোরেমন’ এর পরিচালক। বিশ্ব জুড়ে কোটি কোটি শৈশবকে রাঙিয়ে দেওয়া জনপ্রিয় অ্যানিমে সিরিজ় ‘ডোরেমন’-এর পরিচালক শিবায়ামা সুতোমু আর নেই। তাঁর পরিচালনায় ‘ডোরেমন’ আজ ৮ থেকে ৮০ এর পছন্দের অ্যানিমি কার্টুন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জীবন যুদ্ধে। ৬ মার্চ সুতোমু শিবায়ামা না ফেরার দেশে পাড়ি দিলেন। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া ‘ডোরেমন’ প্রেমীদের মধ্যে।
গত ২০ বছরের বেশি সময় ধরে টিভি অ্যানিমেশন এবং সিনেমার পরিচালক হিসেবে নিরলস ভাবে কাজ করেছেন পরিচালিক। ‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিককে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য। নবিতা, শিজুকাদের মতো চরিত্র তাঁর হাত ধরেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। তবে শুধুমাত্র ডোরেমনই নয়, তাঁর সৃজনশীল ছোঁয়া লেগেছিল আরও বেশ কিছু কালজয়ী অ্যানিমে কার্টুনে।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ অগণিত অনুরাগী। সমাজমাধ্যমে অনেকেই তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর সৃষ্টির মধ্যেই তিনি চিরকাল সকলের মনে স্থায়ী জায়গা করে থাকবেন, ধারাবাহিকের ইতিহাসেও থেকে যাবে তাঁর নাম।

