বিয়ের ২ বছরের মাথায় প্রথমবার বরের ছবি সামনে আনলেন স্বীকৃতি

স্বীকৃতি মজুমদার

বছর দুয়েক আগেই ২০২৪ সালের অক্টোবরে আচমকাই গোপনে বিয়ে সেরেছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ স্বীকৃতি মজুমদার। আর সেই বিয়ের ছবি ওয়েডিং ফটোগ্রাফি থেকে ফাঁস হতেই প্রকাশ্যে আসে সেই খবর। কিন্তু তারপরই বিয়ের ছবি মুছে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া পেজেও তাঁর বিয়ের বা বরের ছবি দেওয়া থেকে বিরতই থাকেন স্বীকৃতি। কেন এই গোপনীয়তা তা অবশ্য জানা যায়নি।

অবশেষে প্রায় ২ বছর পর বরের সঙ্গে সেলফি পোস্ট করলেন মেয়েবেলার মৌ। স্বীকৃতিতে এদিন দেখা গেল ভারতের জার্সি গায়ে দিয়ে। অভিনেত্রী একটি মিরর সেলফি পোস্ট করেন। যেখানে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে আর পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন স্বীকৃতির বর। দুজনেই ভারতকে সমর্থন করার জন্য জার্সি পরে রয়েছেন।

অবাঙালি মতেই বিয়ে সেরেছিলেন স্বীকৃতি। পাত্র যদিও এই ইন্ডাস্ট্রির কেউ নন। তাঁর নাম রাহুল। স্বীকৃতির বিয়ের সাজেও ছিল অবাঙালি ছোঁয়া। তবে বাঙালির বিয়ের মুকুট ও গাছকৌটো ছিল তাঁর হাতে। তবে বিয়েটা প্রথম থেকেই ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন স্বীকৃতি। স্বীকৃতির বিয়ের ছবি-ভিডিওতে কিন্তু ইন্ডাস্ট্রির কাউকে দেখা যায়নি। সম্ভবত শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতেই এক হয়েছে স্বীকৃতি-রাহুলের চার হাত।

স্বীকৃতি মজুমদার