নতুন বছর শুরু হতেই মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। গত ১১ জানুয়ারি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন গায়িকা। এবার সোশ্যাল মিডিয়ায় সন্তানের প্রথম ছবি পোস্ট করলেন তিনি।
ছেলের বয়স সদ্য একমাস। এখনও পর্যন্ত ছেলের নাম প্রকাশ্যে না জানালেও প্রথম ছবি দেখালেন গায়িকা। ছেলের ছবি পোস্ট করে ক্যাপশনে অদিতি লেখেন, আদর আর ভালোবাসায় ভরা এক মাস।
অদিতি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অদিতি এবং দেবরাজের হাতের মধ্যে রয়েছে খুদের ছোট্ট ছোট্ট পা। অন্য একটি ছবিতে রয়েছে শুধুই অদিতির হাত এবং যার ওপরে রয়েছে ছেলের পা।
তবে ছেলের পায়ের ছবি দেখালেও এখনই সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি অদিতি। সম্ভবত অন্নপ্রাশনের সময় হয়ত দেখা যাবে অদিতির সন্তানের মুখ। অদিতির এই পোস্টে ছোট্ট খুদেকে ভালোবাসায় ভরিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। খুব তাড়াতাড়ি অদিতির ছেলেকে দেখতে চান নেটিজেনরা এমন আবদারও গায়িকার কাছে রেখেছেন তারা।

