একসময় জি-বাংলার পর্দার একজন জনপ্রিয় নায়িকা ছিলেন অভিনেত্রী টুম্পা ঘোষ। যাকে দর্শক ‘রাগে অনুরাগে’ সিরিয়ালের ‘কড়ি-কোমল’ হিসাবে বেশি চেনেন। প্রায় আট বছর আগে ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন টুম্পা ঘোষ।
‘বিধির বিধান’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘বেদিনী মোলুয়ার কথা’, ‘অগ্নিজল’, ‘জয় কালী কলকাতা ওয়ালী’ , ‘ত্রিশূল’, ‘শ্যামা’-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। যদিও এখন আর সেভাবে তাঁকে পর্দায় দেখা যায় না।
তবে বহুদিন বাদে ফের পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। না, কোনও নতুন ধারাবাহিকে নয়। ওয়েব সিরিজের নতুন গল্পে নায়িকার ভুমিকায় দেখা যাবে টুম্পাকে। গল্পের নাম ‘বিভ্রাট’।
‘বিভ্রাট’-এর গল্প আদ্যপান্ত একটা সায়েন্স-ফিকশন সাইকোলজিক্যাল থ্রিলার। আর এই গল্পে টুম্পার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কিঞ্জল নন্দ কে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতায় শুটিং শেষ হয়েছে এই সিরিজের। এই মুহূর্তে প্রোডাকশন পরবর্তী কাজ চলছে ‘বিভ্রাট’-এর। সাতটি পর্বে মুক্তি পাবে এই সিরিজটি। চলতি বছরেই প্রথম সারির একটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।


