বড়পর্দা আর ছোটপর্দার শিল্পীদের নিয়ে বহুযুগ থেকে একটি ভেদাভেদ থেকে যায়। বাংলা সিরিয়ালের মাধ্যমে শিল্পীরা দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেলেও আজও ইন্ডাস্ট্রিতে ছোটপর্দাকে খুব ছোট করে দেখা হয়। কিন্তু কেন?
‘টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন যোগ্য সম্মান পায় না?’ এই মুহূর্তে স্টার জলসার পরশুরাম ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। তার ধারাবাহিক বাংলার টপার স্থানে রয়েছে। খোকাবাবু থেকে শুরু করে খড়কুটোড় মতো একাধিক জনপ্রিয় মেগা কাজ করেই পরিচিতি পেয়েছেন তৃণা।
একসময় আজকাল ডট ইন-র কাছে ছোটপর্দার শিল্পীদের অসম্মান নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেই সময় তৃণা জানান, “আমি শুধু ধারাবাহিক করেছি তা নয়। সিনেমা-সিরিজও করি। সবগুলোই অভিনয়ের মাধ্যম। তা হলে এমন ভেদাভেদ কেন? ধারাবাহিকগুলি ইন্ডাস্ট্রিতে প্রচুর আয় এনে দেয়। প্রচুর কর্মসংস্থান হয়। এমনকি কোভিডের সময় যখন ছবি বানানো বন্ধ হয়ে যায়, আমরা তখন বাড়ি থেকে সিরিয়ালের শুট করে গিয়েছি। মানুষকে বিনোদন দিয়েছি। ইন্ডাস্ট্রিরও তাতে লাভ হয়েছে। তার পরেও কেন আমরা প্রাপ্য সম্মান পাব না? ছোটপর্দার শিল্পী বলে আমাদের বাঁকা চোখে দেখা হবে? তা হলে টেলিভিশন উঠেই যাওয়া উচিত! যে কলাকুশলীরা ছবির কাজ করেন, তা ধারাবাহিকও করেন। টেলিভিশনের শিল্পীরা এত খারাপ হলে তাঁরা আমাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিন।”
তৃণা আরও বলেন, “আমি সিনেমাও করেছি। টেলিভিশনও করি। সিনেমায় এক নির্দিষ্ট সময়ের কাজ। কিন্তু টিভির ক্ষেত্রে তা নয়। রোজ আমাদের খাটতে হয়। মন দিয়ে অভিনয় করতে হয়। এরকম দিন গিয়েছে যে আমি ২৩ ঘণ্টা শুট করেছি। তা হলে আমরা কোথায় পিছিয়ে? আমরা কি মন দিয়ে অভিনয় করছি না! কোনও ত্রুটি তো রাখা হচ্ছে না।”
সুত্রঃ https://www . aajkaal . in/

