
বাংলা ধারাবাহিকের পাশাপাশি ওটিটি সিরিজেরও অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্য। ছোটপর্দায় এক সময় চুটিয়ে কাজ করেছেন তিনি। তবে এবার অভিনয়ের পাশাপাশি নিজের উদ্যোগে ব্যবসাও শুরু করেছেন এই অভিনেত্রী। তাঁর সেই নয়া কাজের সফর শুরু হয়েছিল মাত্র মাস তিনেক আগেই। এবার অভিনেত্রীর সাফল্যে সম্প্রতি শহরের একটি সামাজিক অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হল।
অভিনেত্রীর প্রতিষ্ঠিত ব্র্যান্ড ‘SAVERA’-র জন্য তিনি পেয়েছেন ‘রাষ্ট্রীয় গৌরব সম্মান ২০২৬’। মানবাধিকার কমিশনের তরফে প্রদত্ত এই জাতীয় সম্মান তাঁর উদ্যোক্তা জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ছোটবেলা থেকেই ব্যবসায়ী পরিবারে বড় হওয়ার কারণে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেন ‘SAVERA’ ব্র্যান্ডের মাধ্যমে।
গোটা বিষয়টি নিয়ে আজকাল ডট ইন-কে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বললেন, “একজন উদ্যোগপতি হিসেবেও এই স্বীকৃতি পেয়ে আমি আপ্লুত। ভাবতেই পারিনি ব্যবসা শুরু করার মাত্র মাস তিনেকের মধ্যে এহেন সাফল্যের মুখ দেব। আমি গয়নার ব্যবসা শুরু করেছি। আমি একজন ব্যবসায়ী বাড়ির সন্তান। ছোট থেকেই দেখেছি বাবা চুটিয়ে ব্যবসা করছেন। তাই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার অনেক আগে থেকেই আমার ভাবনায় ছিল একদিন ব্যবসা করব। কারণ আমার রক্তে ব্যবসা। শেষমেশ সেটাই করছি।”
২০২৫ সালের ডিসেম্বর মাসে ‘SAVERA’ ব্র্যান্ডের সূচনা হয় এবং ২০২৬ সালের জানুয়ারিতে কলকাতায় প্রথম স্টোর চালু করা হয়। খুব শীঘ্রই আরও একাধিক স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
