
বাংলা টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী খেয়ালী দস্তিদার। এই মুহুর্তে অভিনেত্রীকে পর্দায় সেভাবে দেখা না গেলেও সম্প্রতি এক সাক্ষাতকারে প্রথম বৈবাহিক জীবনের টানাপোড়েন এবং ডিভোর্সের সেই যন্ত্রণাদায়ক অনুভূতি নিয়ে মুখ খুললেন খেয়ালী।
খেয়ালীর জীবনে অভিনেতা অরিন্দম গাঙ্গুলীই তার প্রথম স্বামী নন। অরিন্দমের সঙ্গে বিয়ে হওয়ার আগে খেয়ালীর আরও একবার বিয়ে হয়েছিল অন্য একজনের সঙ্গে। অভিনেত্রীর প্রথম স্বামী দেবাংশুকে তার বাবা-মা ভীষণ ভালোবাসতেন। দেবাংশু-খেয়ালীর বিচ্ছেদের সিদ্ধান্ত অভিনেত্রীর বাবা-মার জন্য ছিল মারাত্মক মানসিক আঘাত। পরিস্থিতি আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল কারণ তাদের বিচ্ছেদের সময় খেয়ালীর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
চারপাশের মানুষের নানা কটু কথা ও সামাজিক চাপ সত্ত্বেও নিজের আত্মসম্মান ও মুক্তির স্বার্থে অভিনেত্রীকে সেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। শুধু তাই নয়, এক সন্তানের জননীও হয়ে গিয়েছিলেন অরিন্দমকে বিয়ে করার আগে। এমন অবস্থায় প্রথম স্বামীর সঙ্গে বিয়ে ভেঙে যায় খেয়ালীর।
জীবনের সেই কঠিন অধযায় পেরিয়ে নতুন করে সংসার পাতেন অরিন্দম গাঙ্গুলীর সাথে। এবং দেখতে দেখতে তাঁরা দাম্পত্যের ২৫ বছর পার করে ফেলেছেন। মা খেয়ালীর সঙ্গে পরিস্থিতির রদবদল বুঝতে শিখেছিলেন ছোট্ট আদিত্যও।
অরিন্দমের সঙ্গে দাম্পত্য নিয়ে খেয়ালী বলেন, “আমাদের প্রতিদিন বড্ড অন্যরকম। রোজ ভালবাসা বেড়েছে। বন্ধুত্ব বেড়েছে। তাই একঘেয়ে লাগেনি, বরং নতুন করে নিজেদের আবিষ্কার করেছি। আসলে আমার মনে হয়, এখনকার সম্পর্কে অপেক্ষা নেই, লজ্জা নেই, শ্রদ্ধা নেই তাই ভালবাসায় এত অভিযোগ। আমাদের সময় এইরকম ছিল না। তাই হয়তো ভালবাসাটা একটু সহজ ছিল। তাই ২৫টা বছরের প্রতিটা আমাদের কাছে খুব অভিনব ছিল।”
