‘প্রার্থনা করুন ওর জন্য…’, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল দত্ত! কী জানালেন প্রেমিকা তিয়াসা

সোহেল দত্ত

টলিপাড়ায় একের পর এক খারাপ খবর! গতকাল রাত থেকেই আচমকাই গুরুতর অসুস্থ অভিনেতা সোহেল দত্ত। অভিনেতার শারীরিক অবস্থার অবনতি দেখে ইঞ্জেকশন দিয়েও কোনও লাভ হয়নি। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেতাকে।

সম্প্রতি সোহেলের মা লোপা দত্তের একটি ভিডিওতে নজরে আসে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সোহেল। ছেলের এই অবস্থার কথা ভাগ করে মা লিখেছেন ‘সবাই প্রার্থনা করুন ওর জন্য’। কি হয়েছে অভিনেতার?

রবিবার তৃণমূলের হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সোহেল। ফলে সারা দিন খাওয়া-দাওয়া নিয়ম মেনে করতে পারেননি। আগে থেকেই ঠান্ডা লাগার সমস্যায় ভুগছিলেন সোহেল। গরমে ঘুরে ক্লান্তও হয়ে পড়েছিলেন। তার পরেই গলার একটু আরামের জন্য দুধ দিয়ে চা খেয়েছিলেন। ব্যস, তার পর থেকেই শরীরে অস্বস্তি হওয়া শুরু।

সোহেলের বাবা বলেন, “দুধ-চা খাওয়ার পরে খুব খিদে পেয়ে গিয়েছিল বলে রোল খেয়েছিল। রাতে ইউসূফ পঠান এসেছিলেন ওঁর স্ত্রীকে নিয়ে। ওঁদের নিয়ে গিয়েছিলাম এক বাঙালি রেস্তরাঁয়। সেখানে সোহেল খেয়েছিল লুচি আর পাঁঠার মাংস। তার পরেই মারাত্মক শরীরখারাপ হয়। অসহ্য পেটে ব্যথা।”

অভিনেতার বাবা জানিয়েছেন, সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ছোটেন তাঁরা। সেখানে ইঞ্জেকশন দেওয়া হয় সোহেলকে। তবে তাতে বিশেষ লাভ হয়নি। শেষে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। এখন অভিনেতার পেটব্যথা অনেকটাই কমেছে, স্যালাইন চলছে। সোহেলের অসুস্থতার খবর পেয়ে প্রেমিকা তিয়াসা লেপচাও পৌঁছোন হাসপাতালে। অভিনেতার ফ্যাটি লিভারের সমস্যাও আছে। ফলে প্রথমে পরিবারের সবাই খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে এখন কিছুটা নিশ্চিন্ত বোধ করছেন সকলেই।