
ছেলে-বৌমার মন জুগিয়ে চলতে পারছেন না বলেই বৃদ্ধ বয়সে এসেও দিনের পর দিন অত্যাচারিত হতে হচ্ছে বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষালকে। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন শঙ্করবাবু।
৭৫ বছর বয়সে এসে শঙ্করবাবু অভিযোগ জানিয়েছিলেন, অভিনেতার ছেলে-বৌমা ও নাতি মিলে তাকে মারধর করেন। অভিনেতার উপর শারীরিক নির্যাতন এতটাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় যে তার পা কেটে রক্তারক্তি কাণ্ড পর্যন্ত হয়। ঠিকমতো খেতেও পান না, জানিয়েছেন তিনি। নিজেকে বাঁচাতে ছেলের নামে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শঙ্করবাবু। কিন্তু প্রশাসনের তরফে কোন সাহায্যই পাননি তিনি।
বহুদিন ধরেই জটিল রোগে ভুগছেন শঙ্করবাবু, তার মধ্যে ঠিকমত খেতে না পাওয়ায় শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয় অভিনেতার। শঙ্করবাবু দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে। জমানো টাকা খরচ করতে করতে শেষ।
কটা সময় সংসারের অভাব কমাতে নানা জায়গায় চাকরি করেছেন। যখন চাকরি পাননি, তখন পাখি বিক্রি করেছেন, শাড়ির ব্যবসাও করেছেন শঙ্করবাবু। আজ চরম অর্থ কস্টে ভুগছেন অভিনেতা। তার উপর ছেলে নাতির চরম অত্যাচারে কাতর আর্জি জানিয়েছেন শঙ্করবাবু। এমনকি ছেলের করা অন্যায়ের শাস্তির জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তার উপর হওয়া অত্যাচারের বিচার চেয়েছেন অভিনেতা।
অভিনেত্রী বোন রত্না ঘোষাল মাসে সাড়ে তিন হাজার টাকা মাসোহারা দেন। তাতেই কোনও মতে চলে অভিনেতা আর তাঁর স্ত্রী ভারতী ঘোষালের।
