বিষাক্ত পোকার কামড়ে নয়, শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ! অবশেষে শারীরিক অসুস্থতা নিয়ে সত্যি ফাঁস করলেন অভিনেতা রাজেশ শর্মা

রাজেশ শর্মা

গত জুলাই মাসের ঘটনা। বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা রাজেশ শর্মা। টলি অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের একটি পোষ্টের মাধ্যমে জানা যায়, প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র শুটিং চলাকালীন নাকি একটি বিষাক্ত পোকার কামড়ে সারা শরীর বিষিয়ে যায়। তড়িঘড়ি কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসা শুরু হয়।

তবে এবার এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসপাতালে ভর্তি হওয়ার পেছনের আসল কারণ জানালেন রাজেশ শর্মা নিজেই। তিনি জানান, দীর্ঘদিন ধরে ডান পায়ের ত্বকের সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়াবেটিসের মাত্রা শরীরে বেশি হওয়ার কারণে অবস্থা আরও খারাপ হয়ে যায়। প্রথমে তিনিও বুঝতে পারেননি যে পরিস্থিতি এতটা গুরুতর হয়ে যাবে।

পোকা কামড়ের গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দিয়ে অভিনেতা বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যে। শুটিং ফ্লোরে এমন কিছুই হয়নি। কোনভাবেই প্রভাস বা ইউনিটকে দায়ী করা উচিত নয়। আমি যখন শুটিং করেছিলাম তখন এমন কিছু হয়নি। কলকাতায় ফিরে আসার এক দু দিনের মধ্যে পরিস্থিতির গুরুতর হয়ে যায়। শুরুতে বিষয়টি গুরুত্ব দিইনি বলে সমস্যা বাড়ে।’

সবশেষে সুদীপার পক্ষ নিয়ে অভিনেতা বলেন, ‘সুদীপা আমার খুব ভালো বন্ধু। উদ্বেগ নিয়েই এই পোস্ট করেছিল ও। ওকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। আমার ডান পায়ে ত্বকের সমস্যা থেকেই এই সংক্রমণ হয়েছিল। তবে এখন সব বিপদ কেটে গিয়েছে।’