
একটা সময়ে, ছোটদের জন্য তিনি ছিলেন সুপারহিরো শক্তিমান। ৯০-এর দশকে তিনি ছিলেন ছোটদের আইকন। অভিনেতার বর্তমান বয়স, ৬৭। তবে মুকেশ খান্না এখনও অবিবাহিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা খোলসা করেছেন কেন তিনি কোনওদিন বিয়ে করেননি।
সাক্ষাৎকারে অভিনেতা জানান, “আমার বন্ধু সার্কেলের সবারই কমবেশি প্রেম ছিল, শুধু আমার ছিল না। আমি বিশ্বাস করি না যে নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য ১০ জন প্রেমিকা থাকা খুব প্রয়োজন। পুরুষত্ব প্রমাণ করার আরও অনেক উপায় আছে। টাই বলে আমি নারীবিরোধী নই। সত্যি বলতে, আমি নারীকে অত্যন্ত শ্রদ্ধা করি।”
আজীবন অবিবাহিত থাকলেও মুকেশ খান্না জানান যে, বিয়ের ওপর তাঁর প্রবল আস্থা রয়েছে। তাঁর কথায়, “মানুষ মনে করে আমি বিয়ে করিনি মানেই আমি বিয়েতে বিশ্বাস করি না। এটা একদমই সত্যি নয়। বরং আমি সাধারণ মানুষের চেয়েও বিয়ে নামক এই রীতির ওপর অনেক বেশি আস্থা রাখি। তবে যদি বিয়ে হওয়ারই থাকত, তবে এতদিনে হয়ে যেত।”
তিনি আরও বলেন, “যে নারীর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, তিনি নিশ্চয়ই কোথাও না কোথাও আছেন। ভাগ্য যখন আমাদের মিলিয়ে দেবে, তখনই তা হবে।” সেই সঙ্গে তিনি এ-ও জানান যে, এই ক্ষেত্রে বয়স তাঁর কাছে কোনও বড় বাধা নয়।
