ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার! মাসি দেবশ্রী রায়ের সঙ্গে কালীঘাটে পুজো দিলেন রানি মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায়

ইন্ডাস্ট্রিতে ৩০ বছর সম্পূর্ণ করেছেন বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তিন দশক কেরিয়ারের পূর্তি উপলক্ষে তার সিনেমা ‘মর্দানি থ্রি’তে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

‘মর্দানি ৩’ মিশ্র সাফল্যের মাঝেই কলকাতায় পা রাখলেন রানি মুখোপাধ্যায়। মুম্বই থেকে কলকাতায় এসেই তিনি প্রথমেই যান কালীঘাটে। সঙ্গী ছিলেন মাসি দেবশ্রী রায়।

কালীঘাটে পুজো দেওয়ার সময় ভিড় ছিল চোখে পড়ার মতো। একটি লাল রঙের চেক চেক শাড়িতে ধরা দিয়েছেন রানী, অন্যদিকে তার মসি দেবশ্রী রায়ের পরনে ছিল সাদা গরদের শাড়ি। খোশ মেজাজে গল্প করতে ব্যস্ত ছিলেন তারা।

রানীর সাথে কালীঘাট দর্শনের প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনকে দেবশ্রী জানান, “২০২৫ সালটা তো খুব একটা ভাল যায়নি, তাই পুজো দিতে গিয়েছিলাম। ওর কাজের খুব চাপ। তাই তার পরেই গাড়ি ঘুরিয়ে হোটেলে চলে এলাম। ভাঁড়ে চা খাওয়ার ইচ্ছা ছিল, সেটাও হল না। তবে রানি বলেছে মার্চে এসে তেলাপিয়া মাছের ঝোল খাবে আর ফুচকা খাবে।”

বর্ষীয়ান অভিনেত্রী আরও জানান, “ছোটবেলায় রানি যা কাঁদত। ভাবতেই পারিনি বড় হয়ে এমন এক ব্যক্তিত্বের অধিকারী হবে ও। রানি যখন ছোট, আমিও তখন বাচ্চা। সবাই ওকে কোলে নিত, সেটা দেখে আমারও ইচ্ছা হত। মুম্বইয়ে গেলে ওর হাত টেনে টেনে নিয়ে আমি ঘুরতাম। আর দিদি বকত আমাকে, ‘ওর হাত যে খুলে যাবে’। দেবশ্রী রায় জানিয়েছেন মার্চ মাসে আবার কলকাতায় আসবেন রানি। তখন বোনঝির সব পছন্দের জিনিস সাজিয়ে রাখবেন।

সূত্রঃ hindustantimes . com